ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

নেপালের লুম্বিনীতে বৌদ্ধ মঠ কমপ্লেক্স নির্মাণসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প। এ ছাড়া একনেক সভার অবগতির জন্য উপস্থাপন করা হবে ৯ প্রকল্প।  বুধবার (০১ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বেলা ১১টায় শুরু হবে চলতি অর্থবছরের ষষ্ঠ একনেক সভা।


পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সভায় উপস্থাপন করা হবে ছয় মন্ত্রণালয়ের ১০ প্রকল্প। এগুলোর মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত। এসব প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪ হাজার ৪০১ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৯০৬ কোটি ৩৭ লাখ, প্রকল্প ঋণ ৮৬ কোটি ৬১ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।


একনেক সূত্র জানায়, সভায় ভৌত অবকাঠামো বিভাগের পাঁচ প্রকল্প উপস্থাপন করা হবে। এর মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে নেওয়া চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দ ৪৩৭ কোটি টাকা। অন্যদিকে নৌ মন্ত্রণালয়ের মোংলা বন্দরের পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্পের জন্য বরাদ্দ থাকছে ১ হাজার ৫৩৮ কোটি টাকা।


এ ছাড়া নৌ মন্ত্রণালয়ের মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ (প্রথম সংশোধিত) প্রকল্পের মেয়াদের সঙ্গে ব্যয় বাড়ছে ১৬৯ কোটি ৩১ লাখ টাকা। এস্টাব্লিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস) (চতুর্থ সংশোধিত) প্রকল্পের মেয়াদের সঙ্গে ব্যয় বাড়ছে ১১৩ কোটি ৮৫ লাখ টাকা। আর নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্পের ব্যয় বাড়ছে ২২৩ কোটি ৭৫ লাখ টাকা।অন্যদিকে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের তিন প্রকল্প উপস্থাপন করা হবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ২৬৫ কোটি ৭৮ লাখ টাকার ডাল ও তেলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়), ৪৯৯ কোটি ৯৯ লাখ টাকার সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্প।


এদিকে, স্থানীয় সরকার বিভাগের দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ/পুনর্বাসন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ছে। সেইসঙ্গে খরচ বাড়বে ৪৩৯ কোটি ৪০ লাখ টাকা। শিল্প ও শক্তি বিভাগ উপস্থাপন করবে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ নং কূপ (অনুসন্ধান কূপ) খনন প্রকল্প। এর জন্য বরাদ্দ ৬৪৬ কোটি ৪৮ লাখ টাকা। আর আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ উপস্থাপন করবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন অব বাংলাদেশ বুড্ডিস্ট মনাস্ট্রি কমপ্লেক্স অ্যাট লুম্বিনী কনজারভেটিভ এরিয়া, নেপাল প্রকল্প। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৬৮ কোটি টাকা।


একনেকে অবগতির জন্য ৯ প্রকল্প উপস্থাপন করা হবে। যেগুলো এরই মধ্যে পরিকল্পনা উপদেষ্টা তার নিজস্ব ক্ষমতাবলে অনুমোদন দিয়েছেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স বিভাগীয় কমিশনার ও ডিআইজির বাংলো নির্মাণ (প্রথম সংশোধিত), সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ (দ্বিতীয় সংশোধিত), উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন, মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত), পদ্মা বহুমুখী সেতুর ভাটিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং ও টংগিবাড়ী উপজেলাধীন বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প (দ্বিতীয় সংশোধিত), বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার (দ্বিতীয় পর্যায়), আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট- দ্বিতীয় পর্যায় (দ্বিতীয় সংশোধিত)।

ads
ads
ads

Our Facebook Page

↑